প্রথম আলো জরিপ

জুলাই গণ-অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশির ভাগ মানুষ। একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না।
প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করানো হয়েছে কিমেকারস কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। জরিপের শিরোনাম ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।
জরিপে প্রশ্ন করা হয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ–অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কী? এই প্রশ্নে ২৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত। ২৬ শতাংশ উত্তরদাতার মতে, শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। ১৪ দশমিক ৮ শতাংশ মনে করেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
এ ছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায়, এমন উত্তরদাতা দশমিক ৪ শতাংশ। আগে বিচার, তারপর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ—এ রকম মত দিয়েছেন উত্তরদাতাদের দশমিক ১ শতাংশ। আর উত্তরদাতাদের মধ্যে দশমিক ১ শতাংশ মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে ৬৯ দশমিক ২ শতাংশ। আর ২ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
৬৯ দশমিক ২ শতাংশ উত্তরদাতা নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে সুযোগ দেওয়ার পক্ষে মত দিলেও দলটির জয়ের সম্ভাবনা খুব একটা দেখছেন না তাঁরা। জরিপে এক প্রশ্নে ৬৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। শর্তহীনভাবে অথবা শর্তযুক্ত অবস্থায় ৬৯ দশমিক ২ শতাংশ উত্তরদাতা নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে সুযোগ দেওয়ার পক্ষে মত দিলেও দলটির জয়ের সম্ভাবনা খুব একটা দেখছেন না তাঁরা। জরিপে এক প্রশ্নে ৬৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। ২৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের কথা বলেছেন ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।
