রাজনৈতিক বিভাজন থেকে জাতীয় পুনর্মিলনের পথ

বাংলাদেশে রাজনীতি ক্রমেই এমন এক ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের পরাজয়। ক্ষমতায় আসার অর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সম্পদ ও সুযোগ-সুবিধার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা; আর ক্ষমতা হারানোর অর্থ বঞ্চনা, প্রতিশোধ ও নিপীড়নের ঝুঁকিতে পড়া। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়; প্রয়োজন রাজনৈতিক আচরণ, প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা এবং নাগরিকদের অভিন্ন স্বার্থ সম্পর্কে চিন্তাভাবনার মৌলিক পরিবর্তন।

ক্ষমতা ও সুযোগ-সুবিধার লড়াই হিসেবে রাজনীতি

বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে প্রায়ই আদর্শিক দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হয়—মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বনাম বিপক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মীয় মৌলবাদ কিংবা গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ। এসব মতপার্থক্যের পেছনে প্রকৃত আদর্শিক বিশ্বাস থাকতে পারে। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি বড় অংশ পরিচালিত হয় অর্থনৈতিক সুযোগ-সুবিধা, পেশাগত উন্নতি, সরকারি চুক্তি এবং রাষ্ট্রীয় সম্পদে প্রবেশাধিকার লাভের প্রতিযোগিতাকে কেন্দ্র করে।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যখন ক্ষমতার প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন রাজনৈতিক আনুগত্য আদর্শিক বিশ্বাসের প্রকাশ না হয়ে ব্যক্তিগত সুবিধা ও সুযোগ লাভের মাধ্যম হয়ে ওঠে।

রাজনৈতিক বিভাজনে কার লাভ, কার ক্ষতি?

রাজনৈতিক বিভাজন থেকে সাধারণত লাভবান হন সেই প্রভাবশালী ব্যক্তিরা, যাঁদের ক্ষমতা ও সুবিধা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরশীল। অন্যদিকে সরকার পরিবর্তনের সময় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন সাধারণ রাজনৈতিক কর্মী ও সমর্থকেরা।

উদাহরণস্বরূপ, রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি পাওয়া একজন স্বল্প আয়ের কর্মী সরকার পরিবর্তনের পর নতুন ক্ষমতাসীন দলের সমর্থকের কাছে চাকরি হারাতে পারেন। এতে তাঁর পরিবার জীবিকা সংকটে পড়ে। অথচ যে রাজনৈতিক পৃষ্ঠপোষকেরা এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সুবিধা নিয়েছেন, তাঁরা অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে অক্ষত থাকেন।

শেষ পর্যন্ত এর মূল্য দিতে হয় গোটা জাতিকে—সামাজিক সংহতি দুর্বল হয়, অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে এবং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা কমে যায়।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও রাজনৈতিক বিভাজনের বিস্তার

রাজনৈতিক মেরুকরণ শুধু সাধারণ নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এটি জনপ্রশাসন, বিচার বিভাগ ও পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। অথচ এসব প্রতিষ্ঠানের কার্যকারিতার জন্য নিরপেক্ষতা, পেশাদারত্ব এবং পারস্পরিক আস্থা অপরিহার্য।

আমি প্রায় দুই দশক আগে বাংলাদেশ সিভিল সার্ভিস ছেড়েছি। সম্প্রতি আমার কয়েকজন সাবেক সহকর্মীর সঙ্গে দেখা হয়, যাঁরা বর্তমানে প্রশাসনের উচ্চপদে কর্মরত। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অন্য কয়েকজন বন্ধু ও সহকর্মীর বিষয়ে জানতে চাইলে তাঁদের প্রতি যে ধরনের বিরূপ মনোভাব ও ক্ষোভ প্রকাশ করা হলো, তা আমাকে বিস্মিত করেছে।

প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েই যদি এমন রাজনৈতিক বিদ্বেষ বিরাজ করে, তাহলে সাধারণ নাগরিকেরা কীভাবে দক্ষ ও নিরপেক্ষ শাসনব্যস্থা প্রত্যাশা করবেন?

একটি পেশাদার সিভিল সার্ভিসের দায়িত্ব হলো নিরপেক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারের অধীনে কাজ করা, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রাখা। দলীয় আনুগত্য যখন এসব দায়িত্বের ওপর প্রাধান্য পায়, তখন প্রশাসনিক দক্ষতা ও জনগণের আস্থা অনিবার্যভাবেই ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় পুনর্মিলনে সবার লাভ

রাজনৈতিক পুনর্মিলনের সবচেয়ে বড় সুফলভোগী সাধারণ নাগরিক ও ভোটাররা। কারণ এর মৌলিক উদ্দেশ্য হলো এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার না হয়ে নিরাপদে বসবাস, কাজ, ব্যবসা-বাণিজ্য এবং নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

জাতীয় পুনর্মিলন ক্ষমতাসীন দলের জন্যও উল্লেখযোগ্য সুফল বয়ে আনতে পারে। ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং পুনর্মিলনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জনগণের আস্থা বাড়াতে, বিনিয়োগ উৎসাহিত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে। এর ফলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পরিবর্তে সরকারের কার্যক্রম ও সাফল্যের ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনে বিজয়ী হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।

বিরোধী দল এবং নতুন রাজনৈতিক দলগুলোও একটি নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ থেকে লাভবান হবে। সেখানে তারা স্বাধীনভাবে সংগঠিত হতে, প্রচারণা চালাতে এবং নীতি ও কার্যক্রমের ভিত্তিতে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এমনকি রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সুবিধা অর্জনকারী প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীরও জাতীয় স্থিতিশীলতা থেকে লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

কারণ দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিদ্বেষের ফলে সরকার পরিবর্তনের পর তাঁদের জনরোষ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, গণসহিংসতা, নিরাপত্তাহীনতা কিংবা দেশত্যাগের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। বিপুল সম্পদ কিংবা বিদেশি নাগরিকত্বও এসব পরিণতি থেকে সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে না।

সুতরাং জাতীয় পুনর্মিলন শুধু একটি নৈতিক দায়িত্ব নয়; এটি সাধারণ নাগরিক, রাজনৈতিক দল এবং প্রভাবশালী গোষ্ঠী—সবার অভিন্ন স্বার্থের বিষয়।

পুনর্মিলনের জন্য প্রয়োজন আন্তরিক সদিচ্ছা ও বাস্তব পদক্ষেপ

অর্থবহ রাজনৈতিক পুনর্মিলনের জন্য ক্ষমতাসীন ও বিরোধী—উভয় পক্ষের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন। এই সদিচ্ছার প্রকাশ ঘটতে হবে কেবল বক্তব্য বা প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমে।

তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সম্পদ ও সুযোগ-সুবিধার ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকায় পুনর্মিলন প্রক্রিয়া শুরু করার প্রধান দায়িত্ব ক্ষমতাসীন সরকারের। তাই প্রকৃত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় পুনর্মিলনের উদ্যোগ গ্রহণে সরকারকেই রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে হবে।

একটি নির্বাচিত সরকারকে স্বীকার করতে হবে যে, তারা শুধু নিজেদের ভোটারদের নয়, সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে। ফলে বিভক্ত সমাজে পুনর্মিলনের নেতৃত্ব দেওয়া সরকারের নৈতিক দায়িত্বের পাশাপাশি রাজনৈতিক প্রয়োজনও। এটি যেমন জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি সরকারের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা ও স্থিতিশীলতাকেও শক্তিশালী করে।

সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নিরপেক্ষ বিচার নিশ্চিত হয়।

পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে ন্যায়সংগত বিচার করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিংবা ভিত্তিহীন মামলাগুলো আইনানুগ প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রত্যাহার করতে হবে।

বিচারব্যবস্থাকে কখনোই রাজনৈতিক প্রতিশোধ কিংবা দলীয় পরিচয়ের ভিত্তিতে সম্মিলিত শাস্তি প্রদানের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

একইভাবে বর্তমানে সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নিতে হবে।

এসব পদক্ষেপের মাধ্যমে দ্ব্যর্থহীন বার্তা দিতে হবে যে, কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অন্যায়ই বিচারহীন থাকবে না।

টেকসই জাতীয় পুনর্মিলনের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন অপরিহার্য। সরকার পরিবর্তনের পরও যাতে এসব সংস্কার টিকে থাকে, সে লক্ষ্যে বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে জনসমর্থন গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী সরকারের সাধারণ সমর্থকদেরও পুনর্মিলনের পথ গ্রহণ করতে হবে। সরকার পতনের পর দেশ ছেড়ে চলে যাওয়া নেতাদের প্রত্যাবর্তনের আশায় বসে থাকার পরিবর্তে তাঁদের উপলব্ধি করা উচিত যে, রাজনৈতিক পৃষ্ঠপোষক ও অনুসারীর সম্পর্ক সাময়িক কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে তা নিরাপত্তাহীনতা, বঞ্চনা এবং জীবিকা হারানোর ঝুঁকি তৈরি করে।

রাজনৈতিক পটপরিবর্তনের বিরূপ অভিজ্ঞতা থেকে তাঁদের এই শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।

দলীয় আনুগত্য থেকে অভিন্ন নাগরিকত্বের পথে: নতুন রাজনৈতিক দলগুলোর ভূমিকা

যেসব ছোট ও নবীন রাজনৈতিক দল স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য একটি কার্যকর কৌশল হতে পারে সাধারণ নাগরিকদের অভিন্ন অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠিত করা।

প্রভাবশালী গোষ্ঠী ও সিন্ডিকেটের শোষণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতির জবাবদিহি দাবি করার মধ্য দিয়ে এসব দল একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে পারে।

দলীয় বিভাজন সৃষ্টি করার পরিবর্তে মানুষের অভিন্ন সমস্যা ও স্বার্থকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুললে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি।

এসব দলের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ধারাবাহিক নাগরিক ও ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এর মাধ্যমে জনগণকে বোঝাতে হবে কীভাবে অন্ধ দলীয় আনুগত্য, দুর্নীতি এবং সাময়িক রাজনৈতিক অনুগ্রহ সরকারি সেবা, অর্থনৈতিক সুযোগ এবং দীর্ঘমেয়াদি উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

এই শিক্ষার মূল বার্তা হওয়া উচিত—রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সাধারণ নাগরিকদের মৌলিক স্বার্থ অভিন্ন।

ব্যক্তিগত নিরাপত্তা, ন্যায়সংগত আচরণ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ—এসব প্রত্যাশা সব নাগরিকেরই।

তাই রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা না করে নাগরিকদের উচিত অভিন্ন স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং ক্ষমতায় যে দলই থাকুক না কেন, তাদের জবাবদিহির আওতায় আনা।

উপসংহার

আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বোঝা যায়, রাজনৈতিক পুনর্মিলন জাতীয় উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনব্যবস্থা থেকে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে। অন্যদিকে ১৯৯২ সালে মোজাম্বিকের শান্তিচুক্তি দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করে।

যদিও এসব দেশ এখনো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, তবুও তাদের অভিজ্ঞতা দেখায় যে, রাজনৈতিক সমঝোতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জাতীয় সহযোগিতা—সুষ্ঠু অর্থনৈতিক নীতির সঙ্গে সমন্বিত হলে—গভীর বিভাজন অতিক্রম করে একটি সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে।

বাংলাদেশ কি এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংঘাতের পরিবর্তে পুনর্মিলন, দলীয় প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পরিবর্তে সবার জন্য সমৃদ্ধির পথ বেছে নিতে পারে না?